খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img
Homeজাতীয়বিদ্যুৎ-গ্যাস সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, দায় নিয়ে সরকার-বিশ্লেষকদের ভিন্ন মত

বিদ্যুৎ-গ্যাস সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, দায় নিয়ে সরকার-বিশ্লেষকদের ভিন্ন মত

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালানো, প্রয়োজনের সময় তেলভিত্তিক কেন্দ্রের উৎপাদন বাড়ানো এবং দেশীয় গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে বর্তমান সংকট কিছুটা হলেও কমানো সম্ভব।

বিদ্যুৎ-গ্যাস সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, দায় নিয়ে সরকার-বিশ্লেষকদের ভিন্ন মত

নিউজবাংলা ডেক্স : নতুন কোন সংকট নয় বাংলাদেশের বিদ্যুৎ ও গ্যাস সংকটের ঘটনা । এই সংকট সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, শিল্প উৎপাদন এবং ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের চাপ তৈরি করেছে সাম্প্রতিক সময়ে । গ্রাম থেকে শহর ও বাংলাদেশের প্রত্যান্ত এলাকায় ঘন ঘন লোডশেডিং মানুষের চরম ভোগান্তি বাড়িয়েছে। এরই সঙ্গে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় শিল্পকারখানার উৎপাদনেও অচলাবস্থা দেখা দিয়েছে। শিল্প কলকার খানা ও ব্যবসা বানিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে বিদ্যুত ও গ্যাস সংকটের জন্য আন্তর্জাতিক পরিস্থিতি, জ্বালানি আমদানির সমস্যা, এলএনজি টার্মিনালের দোষ ত্রুটি এবং আওয়ামীলীগ সরকারের নীতিকে দায়ী করা হচ্ছে। তবে জ্বালানি খাতের বিশ্লেষকদের অপর একটি অংশ মনে করছেন, এসব কারণের পাশাপাশি এখন সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতাও সংকটকে আরও তীব্র করছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে ব্যাপক লোডশেডিংকে কেন্দ্র করে। বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে একদিকে যেমন সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন, অন্যদিকে শিল্প ও ব্যবসা খাতেও এর প্রভাব পড়ছে।

এক পর্যায়ে সারাদেশে লোডশেডিং সাড়ে তিন হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। চলতি বছর ১০ আগস্ট সর্বোচ্চ প্রায় ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিংয়ের তথ্য সামনে আসে। বিদ্যুতের এমন ঘাটতি দীর্ঘদিন পর আবারও মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

শুধু বাসাবাড়িতে নয়, বিদ্যুৎ সংকটের প্রভাব পড়ছে কলকারখানা, দোকানপাট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে। বিদ্যুৎ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে, বাড়ছে পরিচালন ব্যয় এবং অনেক প্রতিষ্ঠানকে বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ থাকলেও একটি বিষয়ে অনেকেই একমত শুধু জ্বালানি সংকট দিয়ে পুরো পরিস্থিতির ব্যাখ্যা করা যায় না।

জ্বালানি বিশ্লেষক ও সাবেক তেল-গ্যাস-খনিজসম্পদ এবং বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের মতে, ছয় মাস একটি বড় সংকট পুরোপুরি সমাধানের জন্য যথেষ্ট সময় নয়। তবে সংকট সামাল দিতে সরকারের ব্যবস্থাপনা ও পরিকল্পনার ঘাটতি রয়েছে বলে তিনি মনে করেন।

তার বক্তব্য অনুযায়ী, দায়িত্ব নেওয়ার পর সরকার সংকটের মূল কারণ চিহ্নিত করে দীর্ঘমেয়াদি বিকল্প পরিকল্পনা তৈরিতে যথেষ্ট তৎপরতা দেখাতে পারেনি। বরং জ্বালানি খাতে দেশি-বিদেশি ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা রয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।

পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বি. ডি. রহমতউল্লাহ মনে করেন, যেকোনো বড় সংকট মোকাবিলায় একই সঙ্গে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হচ্ছে একটি ‘ক্রাশ প্রোগ্রাম’ বা তাৎক্ষণিক কর্মপরিকল্পনা। অর্থাৎ বিদ্যুৎ বিভ্রাট দ্রুত কমিয়ে আনতে এখনই কী করা হবে, সেটি স্পষ্ট থাকা দরকার।

তার অভিযোগ, সরকার দীর্ঘমেয়াদি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করলেও তাৎক্ষণিক সংকট মোকাবিলায় দৃশ্যমান কার্যকর উদ্যোগ এখনও যথেষ্ট নয়।

বাংলাদেশে আমদানি ও ক্যাপটিভ বিদ্যুৎ মিলিয়ে মোট উৎপাদন সক্ষমতা ৩৩ হাজার মেগাওয়াটের বেশি। ফলে বিশ্লেষকদের একটি অংশের প্রশ্ন, এত বড় উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কেন বিদ্যুতের ঘাটতি এত তীব্র হচ্ছে?

বিশ্লেষকদের মতে, উৎপাদন সক্ষমতা থাকলেই হবে না; প্রয়োজন পর্যাপ্ত জ্বালানি, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দক্ষ পরিচালনা। কোনো একটি জায়গায় সমস্যা তৈরি হলেই পুরো ব্যবস্থায় তার প্রভাব পড়তে পারে।

তাদের মতে, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালানো, প্রয়োজনের সময় তেলভিত্তিক কেন্দ্রের উৎপাদন বাড়ানো এবং দেশীয় গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে বর্তমান সংকট কিছুটা হলেও কমানো সম্ভব।

বিদ্যুৎ সংকটের সঙ্গে গ্যাসের ঘাটতিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গ্যাসের সরবরাহ কমে গেলে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি শিল্পকারখানাও সরাসরি ক্ষতিগ্রস্ত হয়।

সরকার বলছে, দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন ও পুরোনো কূপ পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে দেশীয় উৎস থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্যে ১৫০টি কূপ খনন ও পুনঃখননের নির্দেশ দেওয়ার কথা জানানো হয়েছে।

দেশীয় গ্যাসের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির ওপরও বাংলাদেশকে নির্ভর করতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে এলএনজি আমদানি ব্যয়বহুল হয়ে উঠছে।

সরকার আরও এলএনজি আমদানির জন্য নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিচ্ছে। এ বিষয়ে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সরকার-টু-সরকার ভিত্তিতে চুক্তির বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।

তবে জ্বালানি বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, আমদানিনির্ভরতা দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। তাই দেশীয় গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সরকার। আগামী কয়েক বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সৌরবিদ্যুৎ খাত সম্প্রসারণে বাজেটে শুল্কমুক্ত সুবিধার কথাও ঘোষণা করা হয়েছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, ঘোষিত সুবিধাগুলোর বাস্তবায়ন নিয়ে এখনও জটিলতা রয়েছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশে সৌরবিদ্যুতের সম্ভাবনা থাকলেও শুধু লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেই হবে না। জমি, গ্রিড সংযোগ, বিনিয়োগ, প্রযুক্তি এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সক্ষমতা বাড়াতে হবে।

বর্তমান সরকার বারবার বলছে, অতীতে বিদ্যুৎ উৎপাদনে আমদানি করা জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছে। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে দ্রুত উৎপাদন বাড়ানো হলেও দীর্ঘমেয়াদে এর অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

এলএনজি, কয়লা, ডিজেল ও ফার্নেস অয়েলনির্ভর বিদ্যুৎ উৎপাদন বাড়ার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গেলে বাংলাদেশের ওপরও তার বড় প্রভাব পড়ে।

অধ্যাপক আনু মুহাম্মদসহ জ্বালানি খাতের কয়েকজন বিশেষজ্ঞ অতীতেও এই নীতির সমালোচনা করেছেন। তাদের মতে, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সক্ষমতা বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন ছিল।

বর্তমান সংকটের পেছনে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালীর অস্থিরতা তেল ও গ্যাসের আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি করেছে।

এর ফলে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশকে কখনও কখনও স্পট মার্কেট থেকে বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে। এতে সরকারের ভর্তুকির চাপও বাড়ছে।

সরকারের বক্তব্য অনুযায়ী, এই পরিস্থিতিতে রাতারাতি বিদ্যুৎ ও গ্যাস সংকট দূর করা সম্ভব নয়। জ্বালানি খাতকে স্থিতিশীল করতে কয়েক বছর সময় লাগতে পারে।

জ্বালানি খাতের ব্যবস্থাপনা নিয়ে আরেকটি বিষয় আলোচনায় এসেছে। গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও জ্বালানি সংস্থার বিভিন্ন পদে দীর্ঘদিন কাজ করা অভিজ্ঞ কর্মকর্তাদের অনেকে বর্তমানে দায়িত্বে নেই।

বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, অভিজ্ঞ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার ফলে সংকট মোকাবিলায় প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার ঘাটতি তৈরি হতে পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ যথাসময়ে না হওয়ার অভিযোগও রয়েছে।

তবে এসব অভিযোগের পাশাপাশি সরকারও স্বীকার করছে যে ব্যবস্থাপনায় কিছু সমস্যা থাকতে পারে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমান সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চলছে। এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করা হলেও নতুন করে গ্যাস আমদানির কার্গো পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে জানানো হয়েছে।

শিল্পকারখানায় গ্যাসের ওপর চাপ কমাতে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোলা থেকে গ্যাস আনার উদ্যোগ, নতুন কূপ খনন এবং পুরোনো কূপ পুনঃখননের কাজ এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।

সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বর্তমান সংকট বহু বছরের পুঞ্জীভূত সমস্যার ফল। আগের সরকার এবং অন্তর্বর্তী সময়েও দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে বর্তমান সরকার দাবি করছে।

তবে ব্যবস্থাপনায় দুর্বলতার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না সরকার। সরকারের বক্তব্য হলো, একটি বড় সংকটে প্রশাসনিক বা ব্যবস্থাপনাগত কিছু সীমাবদ্ধতা থাকা স্বাভাবিক। কিন্তু বর্তমান সংকটের প্রধান কারণ হিসেবে তারা আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সরবরাহের সমস্যাকেই সামনে রাখছে।

বাংলাদেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট এখন শুধু বিদ্যুৎ উৎপাদনের সমস্যা নয়; এটি অর্থনীতি, শিল্প, ব্যবসা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি যুক্ত।

স্বল্পমেয়াদে সংকট কমাতে বিদ্যমান বিদ্যুৎকেন্দ্রগুলোকে সর্বোচ্চ সক্ষমতায় চালানো, প্রয়োজনীয় জ্বালানি নিশ্চিত করা এবং রক্ষণাবেক্ষণের ঘাটতি দূর করা জরুরি। একই সঙ্গে পিক আওয়ারে উৎপাদন বাড়ানোর বাস্তবসম্মত পরিকল্পনা প্রয়োজন।

মধ্যমেয়াদে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়াতে হবে। ভোলাসহ সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ কার্যকর করতে হবে।

আর দীর্ঘমেয়াদে আমদানিনির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। শুধু নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নয়, বরং কোন উৎস থেকে কত কম খরচে এবং কতটা নির্ভরযোগ্যভাবে বিদ্যুৎ পাওয়া যাবে সেই হিসাব করেই জাতীয় জ্বালানি পরিকল্পনা তৈরি করা প্রয়োজন।

তথ্য সূত্র: বিবিসি বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আর্কাইভ